ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

সুদানের ড্রোন ভয়াবহ হামলা, নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক | জুন ১২, ২০২৬, ১১:৪৬ এএম সুদানের ড্রোন ভয়াবহ হামলা, নিহত ২৩

সুদানের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর এল-ওবেইদে ধারাবাহিক ড্রোন হামলায় অন্তত ২৩ জন নিহত এবং আরও ১৯ জন আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার সংগঠনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে দেশটিতে সংঘাত শুরুর পর এল-ওবেইদে এটি অন্যতম প্রাণঘাতী ড্রোন হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে সশস্ত্র সংঘাত চলছে। সাম্প্রতিক সময়ে এ যুদ্ধে ড্রোন হামলার ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

শহরের পূর্বাঞ্চলের আল-মাতার এলাকার এক বাসিন্দা জানান, হামলায় বহু বাড়ির ছাদ ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়েছেন। নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, কয়েকটি বাড়ির ক্ষয়ক্ষতি এতটাই ভয়াবহ ছিল যে সেখানে জীবিত থাকার সম্ভাবনা খুবই কম।

শহরের কেন্দ্রীয় আল-কুব্বা এলাকার আরেক বাসিন্দা জানান, নিহতদের মধ্যে তার এক চাচাতো ভাইও রয়েছেন। স্থানীয় হাসপাতালে একাধিক মরদেহ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

একটি চিকিৎসা সূত্র এএফপিকে জানিয়েছে, নিহতদের মধ্যে দুই শিশু এবং তাদের মা বলে ধারণা করা হচ্ছে এমন একজন নারীও রয়েছেন।

মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লইয়ার্স জানিয়েছে, দক্ষিণ কর্ডোফান অঞ্চলের এই গুরুত্বপূর্ণ শহরে বুধবার সন্ধ্যায় হামলা শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলতে থাকে। হামলায় আবাসিক এলাকা, জানাজা-পরবর্তী শোকসমাবেশ এবং খাদ্যসামগ্রী বহনকারী একটি ট্রাক লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

সংগঠনটির দাবি, হামলায় অন্তত ১৯ জন আহত হয়েছেন এবং এ ঘটনার জন্য তারা আরএসএফকে দায়ী করেছে। তবে এই অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে আরএসএফের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, উত্তর কর্ডোফান রাজ্যের রাজধানী এল-ওবেইদ কয়েক মাস ধরে আরএসএফের আংশিক অবরোধের মধ্যে রয়েছে। শহরটি দারফুর অঞ্চলে আরএসএফ নিয়ন্ত্রিত এলাকা এবং পূর্বাঞ্চলে সেনাবাহিনীর নিয়ন্ত্রিত অঞ্চলের মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হিসেবে পরিচিত।

Link copied!