ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

এবার ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি দখলদারদের হামলা

কালের সমাজ ডেস্ক | অক্টোবর ১৮, ২০২৬, ১০:৪৮ এএম এবার ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি দখলদারদের হামলা

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের গ্রাম তায়বেহের পাশে হামলার শিকার হয়েছে ইউরোপীয় কূটনীতিকদের একটি দল। তাদের মধ্যে হামলার শিকার হন ফ্রান্সের এক মেয়রও। ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা এ হামলার পেছনে জড়িত বলে জানা গেছে। 

শনিবার (১৭ অক্টোবর) প্রতিনিধিদলটি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে গিয়ে হামলার শিকার হন। এর একদিন আগেই রামাল্লার উত্তরে বসতি স্থাপনকারীদের হাতে মার্কিন ফটোসাংবাদিক হেইডি লেভিন আক্রান্ত হন।

হামলার শিকার প্রতিনিধিদলে বেলজিয়ামের কনসাল জেনারেল, ফ্রান্স ও পোল্যান্ডের কূটনীতিক এবং ক্যাথলিকদের প্রতিনিধি ছিলেন বলে জানিয়েছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভট। ম্যাক্সিম প্রেভট বলেন, প্রতিনিধিদলে থাকা একজন ফরাসি মেয়র হামলার শিকার হয়েছেন। বেলজিয়ামের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ হামলার পেছনে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন নীতির যোগসূত্র টেনে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকে (এসব বসতির ওপর) আরও নিষেধাজ্ঞা আরোপে চাপ দেবেন।

হামলার শিকার ফরাসি মেয়র বের্নার বোদু বার্তা সংস্থা এএফপিকে বলেন, এ ঘটনায় বোঝা যায়, বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রতি ইসরায়েল সরকারের একধরনের প্রশ্রয় রয়েছে।

ঘটনাস্থলে ছিলেন অধিকারকর্মী অমিত ওরফালি। তার প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, ধুলামাখা পথে একটি গাড়ির গায়ে হেলান দিয়ে বসে আছেন মেয়র বের্নার বোদু। আরও কয়েকটি ভিডিও ফুটেজে দেখা যায়, মুখোশ পরা কয়েকজন তরুণ গাড়ির চালকের পাশের জানালায় বারবার ধাক্কা দিচ্ছেন। পরিচয় জানতে চাইছেন। এ সময় লাঠি হাতে মুখোশ পরা আরও কয়েকজনকে দূর থেকে এগিয়ে আসতে দেখা যায়।

ওরফালি বলেন, মুখোশধারী ব্যক্তিরা তাদের হত্যার হুমকি দিয়েছিলেন। মেয়র বের্নারের ওপর হামলা করা ‘উগ্রপন্থি বসতি স্থাপনকারীদের’ দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো

রামাল্লা থেকে আল–জাজিরার সংবাদদাতা জানান, বসতি স্থাপনকারীরা কূটনীতিকদের গাড়ি ঘিরে ফেলেছিলেন। এরপর সেগুলো লক্ষ্য করে পাথর ছোড়েন। ভেঙে দেন গাড়ির জানালা। এ ঘটনায় তদন্ত শুরু করেছে ইসরায়েলি পুলিশ। -আল জাজিরা

কালের সমাজ/এসআর

Link copied!