ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১ চৈত্র ১৪৩২

ঈদ ঘিরে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ

নিজস্ব প্রতিবেদক | মার্চ ১৫, ২০২৬, ০২:১৭ পিএম ঈদ ঘিরে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। ফলে নগরীর ব্যস্ত সড়কগুলোতে কমতে শুরু করেছে যানবাহনের চাপ। অন্যান্য দিনের তুলনায় রাজধানীর বিভিন্ন সড়কে এখন অনেকটাই স্বস্তিদায়ক পরিবেশ দেখা যাচ্ছে।

রোববার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে সরেজমিনে দেখা যায়, সাধারণত যেখানকার সড়কে যানজট ও গাড়ির চাপ লেগেই থাকে, সেখানে আজ তুলনামূলক ফাঁকা পরিবেশ বিরাজ করছে। গণপরিবহনগুলোতে যাত্রীও তেমন দেখা যায়নি। অনেক বাসই অল্পসংখ্যক যাত্রী নিয়ে চলাচল করছে।

সংশ্লিষ্টরা জানান, ঈদ উপলক্ষে ইতোমধ্যে অনেক মানুষ নিজ নিজ গ্রামের উদ্দেশে ঢাকা ছাড়তে শুরু করেছেন। বিশেষ করে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ছুটি শুরু হওয়ায় প্রতিদিনই বাড়ছে ঘরমুখো মানুষের সংখ্যা।

কারওয়ান বাজার এলাকায় কথা হয় কয়েকজন বাসচালক ও যাত্রীর সঙ্গে। তারা জানান, কয়েকদিন আগেও সড়কে গাড়ির চাপ ও যাত্রীর ভিড় ছিল অনেক বেশি। ঈদ এগিয়ে আসায় মানুষ ধীরে ধীরে ঢাকা ছাড়ছেন, ফলে রাস্তায় ভিড় কমে গেছে।

এদিকে সড়কে যানবাহনের সংখ্যা কম থাকায় অন্যদিনের মতো অতিরিক্ত গাড়ির হর্নও শোনা যাচ্ছে না। এতে কিছুটা স্বস্তি পাচ্ছেন নগরবাসী ও পথচারীরা।

পরিবহন সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদ যত ঘনিয়ে আসবে ততই রাজধানী ফাঁকা হতে থাকবে এবং সড়কে যানজট আরও কমে যাবে। একই সঙ্গে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের চাপ বাড়বে।

কালের সমাজ/এসআর

Link copied!