ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফরিদপুর | মার্চ ৯, ২০২৬, ০৯:২৪ পিএম ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুর ১২টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা।

সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম (পিপিএম-সেবা), জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসসহ র‍্যাব, আনসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় ফেব্রুয়ারি ২০২৬ মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় জানানো হয়, জেলার সড়কগুলোতে যানজট দিন দিন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। দুর্ঘটনা এড়াতে মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে ভাঙ্গা-ফরিদপুর, ফরিদপুর-মাগুরা এবং ফরিদপুর-রাজবাড়ী সড়কে এ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

এছাড়া শহরের যানজট নিরসনে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় শহরের যানজট কমাতে করণীয় বিষয়ে সুপারিশ উপস্থাপন করবে।

সভায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়। মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তালিকা প্রস্তুত এবং তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়।

সভায় বক্তারা আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জেলার সর্বত্র আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

Link copied!