ঢাকা শনিবার, ০২ মে, ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

সীমান্ত বাণিজ্য ফের সচল

জেলা প্রতিনিধি, কক্সবাজার | মে ২, ২০২৬, ০৯:০০ পিএম সীমান্ত বাণিজ্য ফের সচল

লাগাতার দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর অবশেষে সীমান্ত বাণিজ্য পুনরায় সচল হয়েছে। মিয়ানমার থেকে ছেড়ে আসা একটি কাঠ বোঝাই ট্রলার  টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছেছে। যা স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরিয়েছে। শুক্রবার ১ মে সকালে মিয়ানমারের মংডু এলাকা থেকে বোটটি টেকনাফের উদ্দেশ্যে রওনা করে দুপুর দেড়টায় টেকনাফ স্থল বন্দরে এসে পৌঁছায়। 

এসময় স্থল বন্দর পরিদর্শনে আসেন টেকনাফ-উখিয়া (কক্সবাজার-৪) থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি বলেন, ‘আমরা চাই বৈধ ব্যবসা চালু হোক, সচল থাকুক। যা থেকে রাজস্ব আদায় হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দুই মাসের মাথায় ১ মে টেকনাফ স্থল বন্দরে এসে পৌঁছেছে ট্রলার। এতে স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরেছে’।
 

জানা যায়, শুক্রবার ১ মে সকালে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন মিয়ানমারের মংডুর হায়াংখালী খাল থেকে বোটটি টেকনাফের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। টেকনাফের ব্যবসায়ী মো. ওমর ফারুকের কাছে বোটটি এসেছে। শুক্রবার সকালে আরাকান আর্মি নিয়ন্ত্রিত মিয়ানমারের মংডু এলাকা থেকে বোটটি টেকনাফের উদ্দেশ্যে রওনা করে। গত ১৪ এপ্রিল টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এর আগে ৬ এপ্রিল নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করে পুনরায় চালুর ঘোষনা দেন।
 

মেসার্স এসআইএস ইন্টারন্যাশনাল মালিক আমদানিকারক সিএন্ডএফ এজেন্ট এফআরবি ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক ওমর ফারুক বলেন, দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে টেকনাফ স্থল কাঠের বোট পৌঁছেছে। আমরা ব্যবসায়ীরা প্রাণ ফিরে পেয়েছি, পুরোদমে চালু হলে এতদিনের ক্ষয়ক্ষতি কিছুটা হলেও পূরণ হবে।
 

টেকনাফ স্থলবন্দরের মাঝি শামসুল আলম বলেন, দীর্ঘ এক বছরের বেশি সময় পর একটি কাঠের বোট বন্দরে এসেছে। এতে বন্দরের কার্যক্রম ফের চালুর আশায় শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। দ্রুত নিয়মিত পণ্যবাহী নৌযান চলাচল শুরু হলে টেকনাফ স্থলবন্দর আবারও সচল হয়ে উঠবে এবং সীমান্ত বাণিজ্যে নতুন গতি ফিরবে।
 

সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাফেজ এনামুল হাছান বলেন, ব্যবসায়ীদের দীর্ঘ দিনের স্বপ্ন সরকার পূরণ করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এতে ব্যবসায়ীদের মুখে হাসি ফুটতে শুরু করেছে। স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরেছে।
বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের টেকনাফ শাখার মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী জানান, দুপুরে কাঠ বোঝাই ট্রলার বন্দরে পল্টুনে এসে ভিড়েছে। এতে চম্পা ফুল ৫২০ পিস, গর্জন ৪৪৩ পিস, মোট ৯৬৩ পিস কাঠ এসেছে। যা খালাসের জন্যে প্রক্রিয়াধীন রয়েছে।
 

উল্লেখ্য, দেড় বছর ধরে চলমান সংঘাতের কারণে মিয়ানমারের রাখাইন রাজ্যের প্রায় ২৭০ কিলোমিটার সীমান্ত এলাকা বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। এর ফলে নাফ নদীর মিয়ানমার অংশে নৌযান চলাচলও তাদের নিয়ন্ত্রণে চলে যায়। গত বছরের এপ্রিল মাসের শুরুতে পণ্যবাহী জাহাজ থেকে কমিশন দাবিকে কেন্দ্র করে আরাকান আর্মির বাধার মুখে মিয়ানমারের জান্তা সরকার সীমান্ত বাণিজ্য কার্যত বন্ধ ঘোষণা করে। এতে শতাধিক আমদানি-রপ্তানিকারক বড় ধরনের ক্ষতির মুখে পড়েন। পাশাপাশি প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব হারায় বাংলাদেশ সরকার। সংশ্লিষ্টরা দীর্ঘ অচলাবস্থার পর এই কাঠের বোটের আগমন সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর সম্ভাবনার একটি ইতিবাচক হিসেবে দেখছেন।
 

কালের সমাজ/কে.পি

Link copied!