জয়পুরহাটের ক্ষেতলালে সংবাদ প্রকাশের জেরে ইউএনও`র কক্ষে হামলার শিকার হয়েছেন আমানউল্লাহ আমান নামে এক সাংবাদিক। তিনি দৈনিক কালবেলার ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলার সাংবাদিকরা। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় সাংবাদিকরা জানান, মঙ্গলবার বিকেলে ক্ষেতলাল উপজেলা প্রশাসনের বিজ্ঞাপনের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী। মতবিনিময় সভা চলাকালে ক্ষেতলাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক লোকজন নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে প্রবেশ করেন।
এ সময় কথাকাটির এক পর্যায়ে সরকারি পুকুরের মাটি ও বালু উত্তোলনের সংবাদ প্রকাশ করার জেরে দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি আমানউল্লাহ আমানের উপর চড়াও হয় এবং তাকে গালিগালাজ করতে থাকেন তিনড। এ সময় পেছন থেকে বিএনপি নেতার সাথে আসা কয়েকজন কর্মী সমর্থক আমানের উপর হামলা করে মারধর করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আহত সাংবাদিককে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
অভিযুক্ত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বিষয়টি অস্বীকার করেছেন।
ক্ষেতলাল থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল করিম জানান, এই বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।
কালের সমাজ/কে.পি

