ঢাকা বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

ঈশ্বরগঞ্জে দাখিল পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণ

জেলা প্রতিনিধি,ময়মনসিংহ | এপ্রিল ২২, ২০২৬, ০৯:৪২ পিএম ঈশ্বরগঞ্জে দাখিল পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাখিল পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের মাঝে অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র বিতরণের ঘটনা ঘটেছে। এতে পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও ভোগান্তির সৃষ্টি হয়।

মঙ্গলবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত কোরআন মাজিদ পরীক্ষায় উপজেলার পিতাম্বরপাড়া হোসাইনিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পরীক্ষার্থীরা জানান, পরীক্ষা শুরুর পর প্রায় ৩০ মিনিট পর্যন্ত তারা ভুল প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা দেন। পরে বিষয়টি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কেন্দ্র সচিবকে জানানো হলে প্রথমে তা গুরুত্ব দেওয়া হয়নি। পরবর্তীতে অন্য শিক্ষকদের নজরে এলে কেন্দ্রের দায়িত্বরত সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের নির্দেশে প্রশ্নপত্র পরিবর্তন করা হয় এবং ক্ষতিগ্রস্ত সময় পুষিয়ে নিতে পরীক্ষার সময় বাড়ানো হয়।

এ বিষয়ে কেন্দ্র সচিব ও মাদ্রাসার অধ্যক্ষ শোয়ায়েব আহামেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।

তবে সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস ভুল প্রশ্নপত্র বিতরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, নষ্ট হওয়া সময় পরীক্ষার শেষে সমন্বয় করে দেওয়া হয়েছে।

 

কালের  সমাজ/কে.পি

Link copied!