ঢাকা রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

ভুয়া চিকিৎসক আটক, ২ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, পিরোজপুর | এপ্রিল ১৯, ২০২৬, ০৯:২৫ পিএম ভুয়া চিকিৎসক আটক, ২ বছরের কারাদণ্ড

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ভুয়া চিকিৎসককে হাতেনাতে আটক করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয়।

জানা গেছে, উপজেলার সিয়াম ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার করে নিজেকে হৃদরোগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে রোগীদের প্রেসক্রিপশন দিচ্ছিলেন ওই ব্যক্তি। তিনি “ডা. লিয়াকত হোসেন (রেজি: A19504)” নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিলেন।

অভিযানের সময় তার কাছে “নুরুল হাসান” নামীয় (রেজি: A75685) একটি ভুয়া বিএমডিসি রেজিস্ট্রেশন সনদ উদ্ধার করা হয়। পরে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) থেকে তথ্য যাচাই করে জানা যায়, ধৃত ব্যক্তির প্রকৃত নাম সুভাষ চন্দ্র মোহন্ত। তার বিরুদ্ধে ২০২৪ সালেই সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।

এছাড়া মঠবাড়িয়া থানার সিডিএমএসে (CDMS) অনুসন্ধানে দেখা যায়, তার বিরুদ্ধে নোয়াখালীর সুধারামপুর থানা এবং জয়পুরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন এবং প্রতারণার একাধিক মামলা চলমান রয়েছে।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৮(৩) ধারায় দোষী সাব্যস্ত করে সুভাষ চন্দ্র মোহন্ত ওরফে নুরুল হাসান (কথিত ডা. লিয়াকত হোসেন) কে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
 

কালের সমাজ/কে.পি

Link copied!