ঢাকা রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

চান্দিনায় মুখোশ পড়ে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় আটক ১

মোহাম্মদ আলী সুমন, চান্দিনা (কুমিল্লা) | এপ্রিল ১৯, ২০২৬, ০৯:২১ পিএম চান্দিনায় মুখোশ পড়ে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় আটক ১

কুমিল্লার চান্দিনায় মুখোশ পড়ে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি করে লুটে নেয় অন্তত সাড়ে ৯ লক্ষ টাকার মালামাল। এ ঘটনার কয়েক ঘন্টার মধ্যে ডাকাত সন্দেহে আল-আমিন (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দিনগত রাত সোয়া ১২টায় চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামের প্রবাসী ফয়সাল আহমেদ এর বাড়িতে ওই ডাকাতি সংগঠিত হয়। ভোরের মধ্যেই পরচঙ্গা গ্রাম থেকে আল-আমিনকে আটক করা হয়। সে ওই গ্রামের আলী মিয়ার ছেলে।

ভুক্তভোগী প্রবাসী ফয়সাল জানান-  রাত সোয়া ১২টার দিকে মুখোশ পরিহিত ডাকাতদল দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে লুটে নেয় নগদ দেড় লক্ষ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, ১৭০ সৌদী রিয়াল, ১টি আইফোন, ২টি এনড্রয়েড ফোন। এতে প্রায় সাড়ে ৯ লক্ষ টাকার ক্ষতিগ্রস্থ হই। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মোঃ আল আমিন নামে এক সন্দেহভাজন ডাকাতকে আটক করে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান- ডাকাতির খবর পাওয়ার সাথে সাথেই আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করে। মুখোশধারী ডাকাদল ডাকাতিকালে একজনের মুখোশ খুলে যাওয়ায় ভূক্তভোগী পরিবার আল-আমিনকে সনাক্ত করেন। ভূক্তভোগী পরিবারের তথ্যমতে আল-আমিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে ভূক্তভোগী পরিবার। আটক আল-আমিনকে আদালতে হাজির করলে আদালত কারাগারে পাঠায়। আমরা তার রিমান্ডের আবেদন করেছি। রিমান্ড মঞ্জুর হলে আরও তথ্য বেরিয়ে আসবে।

কালের সমাজ/এসআর

Link copied!