ঢাকা বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

ফরিদপুরের নগরকান্দায় অস্বাস্থ্যকর পরিবেশে জন্মদিনের কেক তৈরি

জেলা প্রতিনিধি, ফরিদপুর | এপ্রিল ২২, ২০২৬, ০৭:১১ পিএম ফরিদপুরের নগরকান্দায় অস্বাস্থ্যকর পরিবেশে জন্মদিনের কেক তৈরি

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে জন্মদিনের কেক তৈরির একটি কারখানার সন্ধান পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, নিম্নমানের উপকরণ ও কেমিক্যাল ব্যবহার করে এসব কেক তৈরি করে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনকগ্রাম বাজার সংলগ্ন একটি বহুতল ভবনের নিচতলায় গড়ে উঠেছে এই কারখানাটি। ‘নিউ পপলার কেক অ্যান্ড ফুড প্রডাক্টস’ নামে পরিচিত হলেও প্রতিষ্ঠানটির কোনো সাইনবোর্ড বা দৃশ্যমান পরিচিতি নেই।

অভিযোগ রয়েছে, যশোর এলাকা থেকে আসা মো. আজগার আলী প্রায় দুই বছর ধরে এ কারখানাটি পরিচালনা করছেন। তিনি নিম্নমানের উপকরণ ও কেমিক্যাল রং ব্যবহার করে বাহারি রঙের জন্মদিনের কেক তৈরি করে বিভিন্ন উপজেলার বাজারে পাইকারিভাবে সরবরাহ করছেন। স্থানীয়দের দাবি, কারখানার পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। স্বাস্থ্যবিধি না মেনে কেক তৈরি করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। বিশেষ করে শিশুদের জন্য এসব কেক ক্ষতিকর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল।

এছাড়া, কারখানাটিতে কিশোর শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। মোঃ বাধন ইসলাম নামের এক শিশুশ্রমিকসহ আরও কয়েকজন অপ্রাপ্তবয়স্ককে সেখানে কাজ করতে দেখা গেছে। জানা গেছে, ভবনটির মালিক তাহের হুজুর। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির কোনো বৈধ কাগজপত্র নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে কারখানাটি। স্থানীয়দের দাবি, প্রভাবশালী একটি মহলের ছত্রছায়ায় থাকায় প্রশাসনের নজর এড়িয়ে যাচ্ছে এই অবৈধ কার্যক্রম। এ বিষয়ে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা

 

সমাজ/কে.পি

Link copied!