ঢাকা বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

জেলা প্রতিনিধি, পিরোজপুর | এপ্রিল ২৮, ২০২৬, ০৮:৩৪ পিএম পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে জেলা সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ও দায়রা জজ আদালত ভবনে গিয়ে শেষ হয়। পরে আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন ও বিভিন্ন আর্থ-সামাজিক কারণে বিচারপ্রাপ্তিতে অসমর্থ জনগোষ্ঠীর জন্য জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করে আসছে। এই সেবার মাধ্যমে দেশের দরিদ্র ও অসহায় মানুষ ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাচ্ছে।

বক্তারা আরও জানান, আইনগত সহায়তা কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে জনসচেতনতা বৃদ্ধি এবং সেবার প্রসার ঘটানো অত্যন্ত জরুরি। এজন্য সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

 

কালের সমাজ/কে.পি

Link copied!