ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

নাজিরপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

জেলা প্রতিনিধি, পিরোজপুর | এপ্রিল ২৪, ২০২৬, ০৮:০৪ পিএম নাজিরপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

পিরোজপুরের নাজিরপুরে এক ব্যবসায়ীর বাড়িতে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে 
র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পৃথক অভিযান চালিয়ে বরিশাল মহানগরের নতুল্লাবাদ এলাকা থেকে ডাকাতির মূল পরিকল্পনাকারী এমদাদুল্লাহ (৩১) এবং বাবুগঞ্জ উপজেলার চাঁদাপাশা এলাকা থেকে দলের সদস্য নজরুল ইসলাম (৫২)কে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণে জানা যায়, গত ১৯ এপ্রিল গভীর রাতে নাজিরপুর উপজেলার কলারদোনিয়া গ্রামে ব্যবসায়ী মো. নাজমুল হাসানের বসতবাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির পেছনের সুপারি গাছ বেয়ে ছাদে উঠে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ওয়ারড্রপ থেকে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা লুট করে নেয়।

ঘটনার সময় স্থানীয়দের সহায়তায় এক ডাকাতকে আটক করা হলেও গণপিটুনিতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে নাজিরপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
র‌্যাব-৮ জানায়, ছায়া তদন্ত ও আধুনিক প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত এমদাদুল্লাহর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের পিরোজপুরের নাজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম। তিনি জানান, আসামিদের আদালতে পাঠিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এর আগে একই ডাকাত দলের দলনেতা আঃ আজিজকেও র‌্যাব-৮ এর সহায়তায় গ্রেপ্তার করা হয়।
ডাকাতদের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

কালের সমাজ/কে.পি

Link copied!