বাগেরহাটের মোংলায় ইসলামী আদর্শ একাডেমী স্কুলে চরম দুর্ভোগের মধ্যে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা। অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের একাধিক শ্রেণিকক্ষে সিলিং না থাকায় তীব্র গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। এছাড়া বিদ্যালয়ের খেলার মাঠের পাশেই একটি পুকুর থাকায় শিশুদের নিরাপত্তা নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ।
অভিভাবকদের অভিযোগ, প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীরা অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে ক্লাস করতে বাধ্য হচ্ছে। প্রচণ্ড গরমে প্রতিদিনই অনেক শিশু অসুস্থ হয়ে পড়ছে। এ বিষয়ে এক সপ্তাহ আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিভাবক হুসাইন আল হাদী বলেন, “এই গরমে সিলিং ছাড়া কক্ষে ছোট ছোট বাচ্চারা বসে থাকতে পারছে না, প্রতিদিনই অসুস্থ হয়ে পড়ছে। শিক্ষকদের অফিসে সিলিং আছে, কিন্তু শিক্ষার্থীদের কক্ষে নেই—এটা খুবই দুঃখজনক।”
আরেক অভিভাবক মোঃ মামুন শিকদার বলেন, “আমার নিজের দুইটা বাচ্চা এখানে পড়ে। এই পরিস্থিতিতে তারা কিভাবে পড়াশোনা করবে? দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের সমস্যা হতে পারে।”
এদিকে বিদ্যালয়ের খেলার মাঠের পাশেই থাকা পুকুরটি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা বলছেন, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর বলেন, “কিছু অবকাঠামোগত সমস্যা রয়েছে, বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বরাদ্দ পেলে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী আমার দেশকে বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। দ্রুত সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, দ্রুত শ্রেণিকক্ষগুলোতে সিলিং স্থাপন, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং পুকুরের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হোক।
কালের সমাজ/কে.পি

