ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

ইরান যুদ্ধে আহত মার্কিন সেনার সংখ্যা প্রকাশ করল পেন্টাগন

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ২১, ২০২৬, ১২:০২ পিএম ইরান যুদ্ধে আহত মার্কিন সেনার সংখ্যা প্রকাশ করল পেন্টাগন

ইরানের সঙ্গে যুদ্ধে আহত মার্কিন সেনাদের নতুন তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। নতুন হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ৪১৫ মার্কিন সেনা আহত হয়েছেন।

পেন্টাগন বলছে, আহতদের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক সদস্য সেনাবাহিনীর। এ বাহিনীর ২৭১ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া নৌবাহিনীর ৬৩, বিমানবাহিনীর ৬২ এবং ১৯ মেরিন সেনা রয়েছেন।

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মার্কিন সামরিক বাহিনীতেও হতাহতের ঘটনা বাড়ছে। পেন্টাগন নিয়মিতভাবে তাদের এ ক্ষতির হিসাব হালনাগাদ করছে।

গত ৮ এপ্রিল (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৭ এপ্রিল সন্ধ্যা) থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে, যা শেষ হবে ২২ এপ্রিল বুধবার। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার তিন দিন পর শান্তিচুক্তি স্বাক্ষরের জন্য ইসলামাবাদে বৈঠকে বসেছিলেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা; কিন্তু ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো প্রকার চুক্তি স্বাক্ষর ছাড়াই শেষ হয়েছে সেই বৈঠক। আর দ্বিতীয় দফার বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।  সূত্র: মিডল ইস্ট আই

কালের সমাজ/এসআর

Link copied!