ঢাকা সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

পিরোজপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ২০, ২০২৬, ০৯:৩৯ পিএম পিরোজপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

পিরোজপুর জেলায় হাম-রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।

সোমবার (২০ এপ্রিল) সকালে পিরোজপুর সদর উপজেলার করিমুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক ও পৌর প্রশাসক মাহামুদুর রহমান মামুন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক তুহিন কান্তি ঘোষ। উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, হাম ও রুবেলা একটি মারাত্মক সংক্রামক রোগ, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ।

সময়মতো টিকাদানের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। একটি সুস্থ ও নিরাপদ প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা অভিভাবকদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় জেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ১ লাখ ২০ হাজার ৭৯১ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। জেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে একযোগে ১১ দিনব্যাপী এ কার্যক্রম চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

কালের সমাজ/কে.পি

Link copied!