ঢাকা সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ২০, ২০২৬, ০৩:০০ পিএম ৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা

জাপানের ইওয়াতে প্রিফেকচার উপকূলবর্তী সমুদ্রে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর ফলে দেশটির উত্তর-পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকাজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।  খবর বিবিসির।

জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, প্রাথমিকভাবে ৭ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পটি উত্তর জাপানের সানরিকু উপকূলের বাইরে স্থানীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটে আঘাত হানে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে।

জাপানের ভূ-কম্পন তীব্রতা স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ‘আপার ৫’, যার অর্থ হলো— এটি এতটাই শক্তিশালী যে মানুষের পক্ষে স্বাভাবিকভাবে চলাফেরা করা কঠিন হয়ে পড়ে। এ ধরনের কম্পনে সাধারণত মজবুত নয় এমন কংক্রিট বা ইটের দেয়াল ধসে পড়ার প্রবল সম্ভাবনা থাকে।

ভূমিকম্পের পর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আক্রান্ত এলাকার বাসিন্দাদের উঁচু স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন।

কালের সমাজ/এসআর

Link copied!