ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা ছিলেন অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে জুটি হয়ে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি। ঢাকাই সিনেমার বড় বড় নির্মাতার নির্দেশনায় কাজ করেছেন। দিয়েছেন ব্যবসায় সফল ছবিও। তবে বর্তমানে পর্দায় উপস্থিতি কম তার। ঠিক এই সময়েই জানালেন কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করার আগ্রহের কথা।
সম্প্রতি এক শোয়ে আলাপচারিতায় নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে দেখা গেল অপু বিশ্বাসকে।
সেখানে তিনি উল্লেখ করেন, একজন শিল্পীর ক্যারিয়ারে পরিচালকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার ভাষায়, পরিচালকই মূলত একজন শিল্পীকে বেছে নেন এবং সেই নির্বাচনের মধ্য দিয়েই তৈরি হয় শিল্পীর পথচলা।
নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অপু জানান, দেশের চলচ্চিত্রে তিনি ইতোমধ্যে অনেক গুণী নির্মাতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। এফ আই মানিক,আমজাদ হোসেন, চাষী নজরুল ইসলাম এবং সোহানুর রহমান সোহানের মতো নির্মাতাদের সঙ্গে কাজ করে তার সেই চাওয়া অনেকটাই পূরণ হয়েছে।
তবে নতুন করে কলকাতার চলচ্চিত্রে কাজ করার ইচ্ছার কথাও জানান তিনি। বিশেষ করে সৃজিত মুখার্জির নির্মাণশৈলী তাকে আকৃষ্ট করে। অপু বিশ্বাস বলেন, সুযোগ, সময় এবং গল্পের প্রয়োজনে যদি কখনো সৃজিত মুখার্জি তাকে ভাবেন বা প্রস্তাব দেন, তবে অবশ্যই সে সুযোগ গ্রহণ করতে চান।
এদিকে দুটি চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত আছেন অপু বিশ্বাস। একটি ‘দুর্বার’ অন্যটি ‘সিক্রেট’। এর মধ্যে ‘দুর্বার’-এর প্রায় ৬০ শতাংশ এবং ‘সিক্রেট’-এর ৪০ শতাংশ শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন নায়িকা।
কালের সমাজ/এসআর

