ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

পিরোজপুরের নাজিরপুরে ডাকাত নিহতের ঘটনায় ডাকাত সর্দার গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, পিরোজপুর | এপ্রিল ২৩, ২০২৬, ০৮:১০ পিএম পিরোজপুরের নাজিরপুরে ডাকাত নিহতের ঘটনায় ডাকাত সর্দার গ্রেপ্তার

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ডাকাতির ঘটনায় এক ডাকাত নিহত হওয়ার পর এবার ওই চক্রের সর্দারকে গ্রেপ্তার  করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাত সর্দারের নাম আঃ আজিজ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে মাদারীপুর শহর থেকে তথ্যপ্রযুক্তির সহায়তা ও র‍্যাব-০৮ এর সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম।

 বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নাজিরপুর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান জানান, গত ১৯ এপ্রিল রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের দক্ষিণ কলারদোয়ানিয়া গ্রামের উজ্জ্বল বাহাদুরের বাড়িতে ৯ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে।
 

এ সময় ডাকাতরা বাড়ির মালিককে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করলে পরিবারের সদস্যরা প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও কোপাকুপির ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাত দলের অন্য সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে তাদের একজন গুরুতর আহত অবস্থায় পড়ে থাকে।
 

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ডাকাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাজিরপুর থানার ওসি মো তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

কালের সমাজ/কে.পি

Link copied!