ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা গ্রামের পশ্চিম পাড়ায় অবস্থিত একটি প্রাচীন স্থাপনা এখন পুরোপুরি বটগাছের শিকড়ে আবদ্ধ হয়ে পড়েছে। সময়ের পরিক্রমায় অবহেলা আর প্রকৃতির দখলে চলে যাওয়া এই স্থাপনাটি এখন এলাকাবাসীর কাছে এক রহস্যময় নিদর্শনে পরিণত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বহু বছর আগে নির্মিত ইটের তৈরি গোলাকৃতি এই স্থাপনাটি একসময় ব্যবহারযোগ্য ছিল। তবে দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এরই মধ্যে একটি বটগাছ স্থাপনাটির উপর জন্ম নেয় এবং ধীরে ধীরে তার বিস্তৃত শিকড় পুরো কাঠামোটিকে জড়িয়ে ফেলে।
বর্তমানে বটগাছের মোটা শিকড় স্থাপনাটির চারপাশ বেয়ে নেমে এসে ইটের দেয়ালকে শক্তভাবে আঁকড়ে ধরেছে। কোথাও কোথাও দেয়াল ভেঙে পড়লেও গাছের শিকড়ই যেন সেটিকে ধরে রেখেছে। ফলে এটি এখন এক অনন্য প্রাকৃতিক ও ঐতিহাসিক দৃশ্য হিসেবে দাঁড়িয়ে আছে।
গ্রামবাসীরা জানান, জায়গাটি দেখতে প্রতিদিনই অনেকে আসেন। বিশেষ করে তরুণ প্রজন্ম ও ভ্রমণপ্রেমীদের কাছে এটি আকর্ষণীয় হয়ে উঠেছে। তবে কোনো ধরনের সংরক্ষণ বা পরিচর্যার উদ্যোগ না থাকায় ধীরে ধীরে স্থাপনাটির অস্তিত্ব হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে এই প্রাচীন নিদর্শনটি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করুক। তাদের মতে, সঠিকভাবে সংরক্ষণ করা হলে এটি স্থানীয় পর্যটনের একটি আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে উঠতে পারে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল মনে করছে, সময় থাকতে উদ্যোগ না নিলে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে যেতে পারে।
কালের সমাজ/কে.পি

