সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখানো হচ্ছে-এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে লাঞ্ছিত করার চিত্র। ভিডিওটির সঙ্গে আবেগঘন বার্তা জুড়ে দিয়ে বলা হচ্ছে, ‘আমার বোন কি স্কুল থেকে বাড়ি নিরাপদে ফিরতে পারবে না?... রাস্তার মাঝখানে লম্পট কী করেছে দেখুন।’
তবে অনুসন্ধানে দেখা গেছে, এই দাবি বিভ্রান্তিকর। তবে একাধিক ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানের যাচাই অনুযায়ী, ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ২০১৫ সালের একটি পুরোনো ভিডিও খুঁজে পাওয়া যায়, যা ‘হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ’ নামের একটি ফেসবুক পেজে ৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে প্রকাশিত হয়েছিল। সেই ভিডিওর দৃশ্যের সঙ্গে বর্তমানে প্রচারিত ভিডিওর মিল পাওয়া গেছে।
পরবর্তীতে অনুসন্ধানে ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর প্রকাশিত জাগো নিউজ-২৪-এর একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানে বলা হয়, হবিগঞ্জ শহরে এক স্কুলছাত্রীকে দিনের আলোয় রাস্তায় প্রকাশ্যে লাঞ্ছিত করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় এক বখাটে ছাত্র তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই শিক্ষার্থীর ওপর হামলা চালায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তখন দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও নিন্দা তৈরি হয়।
সব তথ্য মিলিয়ে নিশ্চিত হওয়া যায়, বর্তমানে ‘সাম্প্রতিক’ ঘটনার দাবি দিয়ে ছড়ানো ভিডিওটি আসলে ২০১৫ সালের হবিগঞ্জের একটি পুরোনো ঘটনার ভিডিও।
এ ধরনের পুরোনো ভিডিও নতুন দাবি দিয়ে ছড়িয়ে পড়লে তা জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো সংবেদনশীল ভিডিও দেখলে তা শেয়ার করার আগে যাচাই করা অত্যন্ত জরুরি।
কালের সমাজ/এসআর

