ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

মহম্মদপুরে চিকিৎসকের অবহেলার অভিযোগে রোগীর মৃত্যু

জেলা প্রতিনিধি, মাগুরা | এপ্রিল ২৪, ২০২৬, ০৭:৫০ পিএম মহম্মদপুরে চিকিৎসকের অবহেলার অভিযোগে রোগীর মৃত্যু

মাগুরার মহম্মদপুরে চিকিৎসকের অবহেলার অভিযোগে শওকত শিকদার (৬০) নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

উপজেলার গঙ্গানন্দপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা শওকত শিকদার বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে হঠাৎ তার পাতলা পায়খানা শুরু হয়। প্রথমে তাকে স্থানীয় পল্লী চিকিৎসক তরিকুল ইসলামের কাছে নেওয়া হলে তিনি প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মৃতের ছেলে জিয়াউর রহমান অভিযোগ করেন, হাসপাতালে ভর্তির পর তার বাবাকে একটি ইনজেকশন দেওয়া হয়। এরপর থেকেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এ সময় দায়িত্বরত চিকিৎসক ডা. নাগিব মাহফুজের কাছে বারবার সহযোগিতা চাওয়া হলেও তিনি দীর্ঘ সময় অপেক্ষা করান এবং রোগীর কাছে যাননি। যথাযথ চিকিৎসা না পাওয়ার কারণেই তার বাবার মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি।

ঘটনার পর হাসপাতাল এলাকায় স্বজন ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

মৃত্যুকালে শওকত শিকদার স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অভিযোগ অস্বীকার করে ডা. নাগিব মাহফুজ বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। রোগীকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আহসান জানান, বিষয়টি জানার পর তিনি হাসপাতালে এসে উভয় পক্ষের বক্তব্য শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

কালের সমাজ/কে.পি

Link copied!