ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

তালতলীর ডাকাতি মামলার মূলহোতা পিচ্চি হাসান গ্রেপ্তার

জেলা প্রতিনিধি,বরগুনা | এপ্রিল ৩০, ২০২৬, ০৭:৩৪ পিএম তালতলীর  ডাকাতি মামলার মূলহোতা পিচ্চি হাসান গ্রেপ্তার

বরগুনার তালতলী উপজেলার পচাঁকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া এলাকায় মালয়েশিয়া প্রবাসী নাসির উদ্দিন পাটোয়ারীর বাড়িতে গত বছর সংঘটিত আলোচিত ডাকাতি মামলার মূল পরিকল্পনাকারী ও চিহ্নিত দুর্ধর্ষ অপরাধী পিচ্চি হাসানকে গ্রেপ্তার করেছে তালতলী থানা পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত পিচ্চি হাসান অস্ত্র, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন এলাকায় তার নাম শুনলেই আতঙ্ক সৃষ্টি হতো। একাধিক সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার কড়ইবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, আলোচিত ডাকাতি মামলায় তার সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তিনি জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান। এই মামলার তদন্তে বিভিন্ন সহযোগী ডাকাত গ্রেপ্তারের পর মূল পরিকল্পনাকারী হিসেবে তার নাম উঠে আসে এবং তার বিরুদ্ধে ওয়ারেন্টও ছিল।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কড়ইবাড়িয়া বাজার এলাকা থেকে পিচ্চি হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অস্ত্র, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।


কালের সমাজ/কে.পি

Link copied!