ঢাকা শনিবার, ০২ মে, ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

কালবৈশাখীর তাণ্ডব: পিরোজপুরে নসিমনের ওপর গাছ, আহত ২

জেলা প্রতিনিধি, পিরোজপুর | মে ২, ২০২৬, ০৯:১০ পিএম কালবৈশাখীর তাণ্ডব: পিরোজপুরে নসিমনের ওপর গাছ, আহত ২

পিরোজপুরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় বলেশ্বর ফিলিং স্টেশনের সামনে আকস্মিক কালবৈশাখী ঝড়ে একটি বাবলা গাছ চলন্ত নসিমনের ওপর ভেঙে পড়ে দুইজন আহত হয়েছেন। শনিবার (২ মে) দুপুরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—নসিমনের চালক সাজিদ ফকির (১৮) ও তার সহযোগী মো. তামিম (১৯)। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।
 

প্রত্যক্ষদর্শী ও চালক সূত্রে জানা যায়, সাজিদ ফকির তার নসিমন নিয়ে নতুন বাসস্ট্যান্ড থেকে সিইও অফিস মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে বলেশ্বর ফিলিং স্টেশনের সামনে একটি বড় বাবলা গাছ ভেঙে নসিমনের ওপর পড়ে। এতে নসিমনের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক ও তার সহযোগী বুকে ও মাথায় আঘাত পান।
 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছটি অপসারণ করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্থানীয়দের দাবি, ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
 

কালের সমাজ/কে.পি

Link copied!