বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা ইস্যু শিগগিরই পুনরায় চালু করতে যাচ্ছে ভারত। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস শনিবার (২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ইতোমধ্যে ফেব্রুয়ারি মাস থেকে ভারতীয় নাগরিকদের জন্য সব ক্যাটাগরির ভিসা দেওয়া শুরু করেছে। এর প্রেক্ষিতে ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের জন্য পূর্ণাঙ্গ ভিসা সেবা চালুর পরিকল্পনা করছে।
খবরে বলা হয়, ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে উভয় দেশ প্রাথমিক ধাপের উদ্যোগ নিয়েছে। গত মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরকালে বিষয়টি গুরুত্বসহকারে আলোচিত হয়। তিনি ভারতের কাছে দ্রুত একই ধরনের ভিসা সুবিধা পুনর্বহালের আহ্বান জানান।
বর্তমানে ভারতে বাংলাদেশের নয়াদিল্লি হাইকমিশনসহ কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ের কনস্যুলার সেবাগুলো পুরোপুরি সচল রয়েছে। বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, গত বছরের ডিসেম্বরে কিছু ভিসা কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকলেও তা ফেব্রুয়ারিতে পুনরায় চালু করা হয়েছে।
২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপড়েন তৈরি হলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর সম্পর্ক উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, ভিসা সেবা পুরোপুরি স্বাভাবিক হলে অর্থনৈতিক সহযোগিতা ও জ্বালানি খাতসহ অন্যান্য দ্বিপাক্ষিক ইস্যুতেও অগ্রগতি আসতে পারে। একই সঙ্গে অদূর ভবিষ্যতে উচ্চপর্যায়ের বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
নিরাপত্তাজনিত কারণে গত বছরের জুলাইয়ের আন্দোলনের পর ভারত ভিসা কার্যক্রম সীমিত করে দেয়। সে সময় জরুরি প্রয়োজন, যেমন চিকিৎসা ও পারিবারিক কারণে ভিসা দেওয়া হলেও অন্যান্য ক্যাটাগরির ভিসা আংশিকভাবে স্থগিত ছিল।
এদিকে, বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, গত ২০ ফেব্রুয়ারি থেকে পুনরায় ভিসা সেবা চালুর পর গত দুই মাসে ভারতীয় নাগরিকদের প্রায় ১২ হাজার ভিসা দেওয়া হয়েছে, যার মধ্যে ব্যবসা, পর্যটন, চিকিৎসা ও পারিবারিক ভ্রমণ সংক্রান্ত ভিসা অন্তর্ভুক্ত রয়েছে।
কালের সমাজ/কে.পি

