বাংলাদেশে এখনো একটি নির্দিষ্ট মানদণ্ডভিত্তিক জাতীয় ন্যূনতম মজুরি কাঠামো প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, বিশ্বজুড়ে দীর্ঘদিন ধরে শ্রমিক অধিকার নিয়ে আন্দোলন হলেও বাংলাদেশে এখনো একটি স্ট্যান্ডার্ড জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ করা সম্ভব হয়নি। তিনি উল্লেখ করেন, ইতিহাসে জার্মানির নেতা অটো ভন বিসমার্ক প্রথম ন্যূনতম মজুরির ধারণা তুলে ধরেন, যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশে তা বাস্তবায়িত হয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, শ্রমিকবান্ধব নীতির অংশ হিসেবে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। একইসঙ্গে তিনি জানান, শ্রম আদালত ও ট্রাইব্যুনালে হাজার হাজার মামলা দীর্ঘদিন ধরে নিষ্পত্তিহীন অবস্থায় পড়ে আছে, যা শ্রমিকদের জন্য বড় ভোগান্তির কারণ।
রিজভী প্রশ্ন তুলে বলেন, শ্রমিকরা কি আদালতে ঘুরবে, নাকি উৎপাদনমুখী কাজে যুক্ত থাকবে—এ বিষয়টি গুরুত্বসহকারে ভাবতে হবে। তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি বন্ধ থাকা পাটকলগুলো পুনরায় চালুর ওপর জোর দেন, যাতে দেশীয় সম্পদ কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা যায়।
বক্তব্যে তিনি অতীতে স্থাপিত কিছু বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার বিষয়েও সমালোচনা করেন এবং এসব বিষয়ে পুনর্বিবেচনার আহ্বান জানান।
সমাবেশে শ্রমিকদের অধিকার, মজুরি কাঠামো এবং কর্মসংস্থান নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
একুশে সংবাদ/ওজি

