রাজধানীতে টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতার পাশাপাশি প্রভাব পড়েছে কাঁচাবাজারেও। সরবরাহ ব্যাহত হওয়ায় বেগুন ও কাঁকরোলসহ বেশ কিছু সবজির দাম কেজিতে ১০০ টাকা ছাড়িয়েছে।
শুক্রবার (১ মে) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ভোরের বৃষ্টিতে রামপুরা, মালিবাগ ও খিলগাঁওসহ কয়েকটি এলাকায় হাঁটুসমান পানি জমে জনজীবনে ভোগান্তি সৃষ্টি হয়েছে। এর মধ্যেই বাজারে গিয়ে উচ্চমূল্যের চাপেও পড়ছেন ক্রেতারা।
বাজার ঘুরে দেখা গেছে, চিকন বেগুন কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা এবং বড় আকারের বেগুন ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁকরোলের দামও বেড়ে ১০০ থেকে ১২০ টাকায় উঠেছে।
এছাড়া টমেটো ৬০–৭০ টাকা, বরবটি ৬০–৮০ টাকা, পটোল ৬০–৭০ টাকা, ঝিঙে ৬০–৭০ টাকা এবং ঢ্যাঁড়স ৫০–৬০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দাম কেজিতে প্রায় ১২০ টাকা, করলা ৬০–৮০ টাকা এবং প্রতিটি লাউ ৬০–৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। কাঁচকলার হালি ৪০–৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মাংস ও পোলট্রির বাজারেও স্বস্তি নেই। ব্রয়লার মুরগি কেজিতে ১৮৫–১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০–৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলছেন, একদিকে বৃষ্টির কারণে রাস্তায় জলাবদ্ধতা, অন্যদিকে বাজারে উচ্চমূল্য—দুয়ের চাপেই দুর্ভোগ বেড়েছে। অনেকেই প্রয়োজনীয় পণ্য কম কিনতে বাধ্য হচ্ছেন।
অন্যদিকে বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে সরবরাহ ব্যাহত হওয়া, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং পাইকারি বাজারে উচ্চমূল্যের কারণে খুচরা পর্যায়ে দাম বেড়েছে। কিছু সবজির মৌসুম না থাকাও দাম বৃদ্ধির অন্যতম কারণ বলে উল্লেখ করেন তারা।
বাজার সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষেতের উৎপাদন ক্ষতিগ্রস্ত হতে পারে, ফলে সামনে সবজির দাম আরও বাড়তে পারে।
বিশ্লেষকদের মতে, সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজার তদারকি জোরদার করলে মূল্য কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা না নিলে নগরবাসীর ভোগান্তি আরও বাড়বে।
একুশে সংবাদ/ওজি

