ঢাকা শনিবার, ০২ মে, ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

আগামী পাঁচ দিন দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক | মে ২, ২০২৬, ০৯:৪৮ পিএম আগামী পাঁচ দিন দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ সময়ের পর বৃষ্টির প্রবণতা কমে তাপমাত্রা বাড়তে পারে। শনিবার (২ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য তুলে ধরা হয়।

পূর্বাভাস অনুযায়ী, শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

রোববার (৩ মে) একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে, পাশাপাশি দেশের অন্যান্য বিভাগেও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। এ সময় তাপমাত্রা সামান্য বাড়ার আভাস রয়েছে।

সোমবার (৪ মে) বৃষ্টিপাতের বিস্তৃতি কিছুটা পরিবর্তিত হয়ে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রংপুর ও চট্টগ্রামের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (৫ মে) বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। দেশের বেশিরভাগ বিভাগে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিন তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে।

বুধবার (৬ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং অন্যান্য বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, যদিও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আবহাওয়ার বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, পাঁচ দিনের পর বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেয়ে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

কালের সমাজ/কে.পি

 

Link copied!