চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে দেড় ঘণ্টা বন্ধের পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ সচল হলো। চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় পাহাড়িকা এক্সপ্রেসের ধাক্কায় উল্টে যায় বালুবাহী একটি ট্রাক।
রোববার সকাল প্রায় ৯টা নাগাদ এই ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ১০টায় ট্রেন চলাচল শুরু হলে পাহাড়িকা এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে।
স্থানীয় সূত্র জানায়, জোরারগঞ্জ ইউনিয়নের দরবারটিলা এলাকায় ক্রসিং সড়ক পার হওয়ার সময় একটি বালুভর্তি পিকআপ রেললাইনে আটকে পড়ে। ট্রেনটি কাছে চলে এলে পিকআপে থাকা চালক-হেলপার দ্রুত নেমে পড়েন। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পিকআপটি দুমড়েমুচড়ে অন্তত আধা কিলোমিটার দূরে নিয়ে যায়।
পূর্ব রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ জানান, বড়তাকিয়ায় চিনকি আস্তানার কাছে বালুবাহী ট্রাকটি চলন্ত পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা খায়।
এতে ট্রেন ও যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। তবে ট্রাক উল্টে যায় এবং লাইন বন্ধ থাকে। সাড়ে ১০টার দিকে আবার ট্রেনটি ছেড়ে গেছে।

