ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, শিশু আহত

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম | জুন ১৪, ২০২৬, ১১:১৫ এএম চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে  কুপিয়ে হত্যা, শিশু আহত
সংগৃহীত ছবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঘরে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পাঁচ বছর বয়সী এক শিশুও গুরুতর আহত হয়েছে।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। আহত শিশুর নাম পিয়াস বড়ুয়া (৫)। তারা চেনামতি বড়ুয়া পাড়ার বৌদ্ধবিহার মন্দিরসংলগ্ন এলাকার বাসিন্দা। পরিবারের কর্তা সুজন বড়ুয়া চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জ এলাকায় একটি আবাসিক ভবনে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তারা ঘরের দরজার সামনে এনি বড়ুয়া ও তার ছেলে পিয়াসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে ঘরের ভেতর থেকে প্রিয়ন্তী বড়ুয়ার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

প্রতিবেশী সুরভী বড়ুয়া জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে ঘটনাস্থলেই এনি বড়ুয়ার মৃত্যু হয়। গুরুতর আহত পিয়াসকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া দাবি করেন, প্রতিবেশী লিমন বড়ুয়া তেজপ্রিয়র সঙ্গে তার আর্থিক লেনদেন ছিল। তার ধারণা, ওই লেনদেনসংক্রান্ত কাগজপত্রের খোঁজে হামলাকারীরা বাড়িতে এসে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

সুজন বড়ুয়া বলেন, “আমি শহরে কর্মস্থলে ছিলাম। রাতে বড় ভাইয়ের ফোন পেয়ে বাড়িতে এসে দেখি সব শেষ হয়ে গেছে।” তিনি আরও দাবি করেন, মৃত্যুর আগে তার স্ত্রী হামলাকারী হিসেবে লিমন বড়ুয়া তেজপ্রিয়র নাম উল্লেখ করেছিলেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, দুর্বৃত্তদের হামলায় মা ও মেয়ে নিহত হয়েছেন এবং এক শিশু আহত হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
কালের সমাজ/এএইচবি 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!