ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
খুলনায় মসজিদে ঢুকে গুলি

কমিটির সেক্রেটারিসহ দুইজন গুলিবিদ্ধ

কালের সমাজ ডেস্ক | জুন ১৪, ২০২৬, ১১:২২ এএম কমিটির সেক্রেটারিসহ দুইজন গুলিবিদ্ধ
সংগৃহীত ছবি

খুলনা মহানগরীতে ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে সন্ত্রাসীদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে দৌলতপুর থানাধীন পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং আলম মন্ডল (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ আদায়ের সময় কয়েকজন সন্ত্রাসী মসজিদে প্রবেশ করে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাশে থাকা মুসল্লি আলম মন্ডলও গুলিবিদ্ধ হন।

গুলিতে লোকমান হাকিমের মাথায় আঘাত লাগে এবং তিনি গুরুতর আহত হন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।

অন্যদিকে আলম মন্ডলের মাথা, গলার বাম পাশ এবং ডান হাতের বাহুতে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

স্থানীয়রা জানান, গুলির শব্দে মসজিদ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

পুলিশ জানিয়েছে, হামলার পেছনের উদ্দেশ্য ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।
কালের সমাজ/এএইচবি 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!