বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে ডেঙ্গু ও হাম রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার (১৪ জুন)দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করেছে ছোনাউটা হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা।
শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচিতে লিফলেট বিতরণ, গণসচেতনতামূলক প্রচারণা এবং বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করা হয়।
ক্যাম্পেইনে সংগঠনের সাধারণ সম্পাদক দিলরুবা আক্তার রজনীর নেতৃত্বে উপদেষ্টা নিজাম উদ্দিন হাওলাদার, জমির উদ্দিন হাওলাদার, দপ্তর সম্পাদক রাজিব হাওলাদারসহ সংগঠনের সদস্যরা অংশ নেন। তারা স্থানীয় বাসিন্দাদের মাঝে ডেঙ্গু ও হাম রোগের লক্ষণ, প্রতিরোধ ব্যবস্থা এবং করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন।
আয়োজকরা জানান, বর্তমানে বরগুনা জেলাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ কারণে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসে বাড়ির আঙিনা, ডোবা-নালা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু ও হাম প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, বরং জনগণের সক্রিয় অংশগ্রহণও জরুরি। সচেতনতা বৃদ্ধি পেলে এসব রোগের প্রকোপ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
সংগঠনের নেতারা জানান, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতে ইউনিয়নভিত্তিক আরও বিস্তৃত আকারে পরিচালনা করা হবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত প্রচারণা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সালমান রাসেলের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তারা বলেন, একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনের লক্ষ্যে তাঁর নেতৃত্বে সংগঠনটি মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে।
কালের সমাজ/এসআর

