ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ্যে নারীকে পেটানোর ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি, নোয়াখালী | জুন ১৩, ২০২৬, ১০:২৯ পিএম প্রকাশ্যে নারীকে পেটানোর ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পূর্ব-বিরোধের জেরে এক নারীকে প্রকাশ্যে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে যুবদল নেতা মো. সফিকুল ইসলাম ওরফে সফিকের (৩৮) বিরুদ্ধে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে কয়েক ঘণ্টার মধ্যেই তাকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা যুবদল।

শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরলক্ষী গ্রামে এ ঘটনা ঘটে। মারধরের শিকার তাসলিমা আক্তার খুকি (৩৫) একই গ্রামের মো. খলিল ড্রাইভারের স্ত্রী। অভিযুক্ত সফিক মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এবং একই এলাকার মনতারাগো বাড়ির সামছুদ্দিন মোল্লার ছেলে।

ভুক্তভোগী খুকি অভিযোগ করেন, তার স্বামী গত দুই মাস ধরে সফিকের অধীনে কাজ করলেও বেতন পাননি। বেতন চাইতে গেলে সফিক দাবি করেন, তার স্বামী ইয়াবা সেবন করে সব টাকা খরচ করেছেন। ঈদুল আজহার সময়ও বেতন না পাওয়ায় তাদের পরিবারকে কষ্টে দিন কাটাতে হয়েছে। পরে তিনি স্বামীকে সফিকের কাজে যেতে নিষেধ করলে সফিক ক্ষুব্ধ হয়ে ওঠেন।

তিনি আরও অভিযোগ করে বলেন, শনিবার সকালে বাড়ির পাশের নদীতে বসানো একটি রিং জাল সফিক নিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা বাধা দেন। এ সময় সফিক তার স্বামীকে প্লাস্টিকের পাইপের ভেতরে লোহার রড ঢুকিয়ে মারধর করেন। পরে বেলা ১১টার দিকে সফিক তার ভগ্নিপতি নূরে মাওলাকে সঙ্গে নিয়ে এসে আবারও তার স্বামীকে মারধর শুরু করেন। স্বামীকে রক্ষা করতে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়।

খুকির দাবি, সফিক তার প্রকল্পে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত এবং তার স্বামীকে দিয়ে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করাতেন। হিসাবের গরমিল হলে গালমন্দও করতেন। তার প্রকল্পে প্রায়ই ১০ থেকে ১৫টি মোটরসাইকেলের উপস্থিতি এবং মাদকের আসর বসত বলেও অভিযোগ করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করে সফিকুল ইসলাম বলেন, খুকির পরিবারের সঙ্গে তার দীর্ঘদিনের ভালো সম্পর্ক ছিল। কয়েক দিন আগে খুকির স্বামী তার বোনের বসতঘরের দরজা খোলার চেষ্টা করেন এবং মাছ চুরি করেন। শনিবার সকালে জাল নিয়ে আসার পথে খুকি ও তার স্বামী তাকে আক্রমণ করে নাক ফাটিয়ে দেন।

এদিকে, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জেলাজুড়ে নিন্দার ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অভিযুক্ত সফিকুল ইসলামকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলীয় নিয়ম-শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সফিকুল ইসলামকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন ও সদস্য সচিব নূরুল হুদার সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কালের সমাজ/এসআর

Link copied!