ময়মনসিংহের ভালুকায় ছাত্রলীগের নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মিছিলটি উপজেলা ছাত্রলীগের ব্যানারে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম খান রাফি।
প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে জানা যায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আল মাহদ্বিন কারখানার সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে ভালুকার শেষ সীমানা ও গাজীপুরের শ্রীপুর উপজেলার শুরু অংশে গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এ ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ব্যক্তি তা শেয়ার করে প্রতিক্রিয়া জানান।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে মিছিলের প্রশংসা করে একটি পোস্ট দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।
এ বিষয়ে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘ফেসবুকে মিছিলের ভিডিওটি নজরে এসেছে। মিছিলটি কখন এবং কোথায় হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
কালের সমাজ/কে.পি

