ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

দিনের বেলায় ছেয়ে যাবে অন্ধকার, জানা গেল বিরল পূর্ণ সূর্যগ্রহণের তারিখ

কালের সমাজ ডেস্ক | জুন ৭, ২০২৬, ১২:১৫ পিএম দিনের বেলায় ছেয়ে যাবে অন্ধকার, জানা গেল বিরল পূর্ণ সূর্যগ্রহণের তারিখ

দুই বছরেরও বেশি সময় পর দেখা যাবে বিরল পূর্ণ সূর্যগ্রহণ। আগামী ১২ আগস্ট চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো সম্পূর্ণভাবে ঢেকে দেবে, ফলে পৃথিবীর কিছু অঞ্চলে দিনের বেলায় অন্ধকার ছেয়ে যাবে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্যমতে, চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থান করে এবং তার ছায়া পৃথিবীর ওপর পড়ে, তখন পূর্ণ সূর্যগ্রহণ ঘটে। এতে নির্দিষ্ট কিছু এলাকা থেকে সূর্যকে সম্পূর্ণ আড়াল হতে দেখা যায়।

এবারের পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন এবং উত্তর-পূর্ব পর্তুগালের কিছু অংশ থেকে। এসব অঞ্চলে ‘টোটালিটি’ বা সূর্য সম্পূর্ণ আড়াল হওয়ার মুহূর্তে দিনের আকাশ সাময়িকভাবে অন্ধকার হয়ে যাবে।

এ ছাড়া ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ এলাকায় আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে, যেখানে সূর্যের কেবল একটি অংশ চাঁদের আড়ালে যাবে।

ইউরোপীয় মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, ইউরোপের মূল ভূখণ্ড থেকে সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০০৬ সালে। আর স্পেনের মূল ভূখণ্ড থেকে এমন ঘটনা শেষ দেখা যায় ১৯০৫ সালে।

গ্রিনল্যান্ডে দর্শকরা দুই মিনিটেরও বেশি সময় পূর্ণ সূর্যগ্রহণ দেখতে পারবেন। অন্যদিকে উত্তর স্পেনে এ সময়সীমা হবে প্রায় ২০ সেকেন্ড।

বিশেষজ্ঞদের মতে, বিশেষ সুরক্ষা ছাড়া কখনোই সরাসরি সূর্যের দিকে তাকানো নিরাপদ নয়। শুধুমাত্র পূর্ণ সূর্যগ্রহণের সময়, যখন সূর্য পুরোপুরি আড়াল হয়ে যায়, তখন খালি চোখে দেখা যায়। সূর্যের আলো ফিরে আসার সঙ্গে সঙ্গে অবশ্যই আন্তর্জাতিক মানসম্পন্ন গ্রহণ-চশমা বা সোলার ভিউয়ার ব্যবহার করতে হবে।

সাধারণ সানগ্লাস কোনোভাবেই গ্রহণ-চশমার বিকল্প নয়। ছেঁড়া, আঁচড়যুক্ত বা ক্ষতিগ্রস্ত গ্রহণ-চশমাও ব্যবহার করা উচিত নয়।

নাসা সতর্ক করেছে, গ্রহণ-চশমা পরে টেলিস্কোপ, দূরবীন বা ক্যামেরার লেন্স দিয়ে সূর্যের দিকে তাকানোও বিপজ্জনক। এতে সূর্যের তীব্র আলো চোখের মারাত্মক ক্ষতি করতে পারে। সূত্র: গালফ নিউজ

কালের সমাজ/এসআর

Link copied!