কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সম্পূর্ণ নতুন ধরনের ভ্যাকসিন তৈরি করেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। গবেষকদের দাবি, ‘মৌলিকভাবে নতুন’ এই ভ্যাকসিন ভবিষ্যতে বহু ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা দিতে এবং মহামারি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিষয়টি জানিয়েছে বিবিসি।
গবেষণায় বলা হয়েছে, এই প্রথমবারের মতো সম্পূর্ণ এআই প্রযুক্তি ব্যবহার করে কোনো ভ্যাকসিনের মূল উপাদান নকশা করা হয়েছে এবং তা মানুষের ওপর পরীক্ষাও করা হয়েছে।
এই ভ্যাকসিনটি বিশেষভাবে করোনাভাইরাসের বিভিন্ন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর হওয়ার লক্ষ্যে তৈরি করা হয়েছে। পাশাপাশি প্রাণীদের মধ্যে থাকা এমন ভাইরাস, যা ভবিষ্যতে মানুষের মধ্যে ছড়িয়ে মহামারি তৈরি করতে পারে, সেগুলোর বিরুদ্ধেও এটি কার্যকর হতে পারে বলে আশা করা হচ্ছে।
গবেষকরা আরও জানান, বর্তমানে গবেষণাটি প্রাথমিক পর্যায়ে থাকলেও তারা ইতোমধ্যে ফ্লু এবং ইবোলা প্রতিরোধে সক্ষম পৃথক ভ্যাকসিন উন্নয়নের কাজ করছেন।
সাধারণভাবে ভ্যাকসিন ভাইরাসের নির্দিষ্ট একটি ধরনকে লক্ষ্য করে তৈরি করা হয়। কিন্তু কেমব্রিজের গবেষকরা ভিন্ন পদ্ধতি অনুসরণ করে বিভিন্ন করোনাভাইরাসের জিনগত তথ্য এআই দিয়ে বিশ্লেষণ করেন।
এই বিশ্লেষণের মাধ্যমে একটি ‘সুপার অ্যান্টিজেন’ তৈরি করা হয়, যা মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে পুরো ভাইরাস পরিবারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রশিক্ষণ দিতে পারে। এতে ভাইরাসের নতুন মিউটেশন বা প্রাণী থেকে মানুষের মধ্যে নতুন সংক্রমণ হলেও সুরক্ষা বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
গবেষকদের মতে, এই প্রযুক্তি ভবিষ্যতের ভ্যাকসিন উন্নয়নে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
কালের সমাজ/কে.পি

