ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঋণনির্ভর বাজেট নিয়ে উদ্বেগ, সরকারকে পুনর্বিবেচনার আহ্বান

মোঃ নাঈম তালুকদার, পিরোজপুর | জুন ১৩, ২০২৬, ০৯:৫৭ পিএম ঋণনির্ভর বাজেট নিয়ে উদ্বেগ, সরকারকে পুনর্বিবেচনার আহ্বান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত আব্দুল হালিম বলেছেন, জনগণের স্বার্থে সরকারের প্রস্তাবিত বাজেট পুনর্বিবেচনা করা উচিত। তিনি দাবি করেন, সাম্প্রতিক বাজেটে প্রায় দুই লাখ কোটি টাকার ঋণনির্ভর ঘাটতি রাখা হয়েছে, যার অর্থায়ন নিয়ে স্পষ্ট দিকনির্দেশনা নেই।

শনিবার (১৩ জুন) দুপুরে পিরোজপুরের জিয়ানগর উপজেলা অডিটোরিয়াম-এ আয়োজিত কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল হালিম বলেন, বাজেট নিয়ে বিভিন্ন মহল থেকে যে প্রতিক্রিয়া এসেছে, সরকার সেগুলো বিবেচনায় নিয়ে জনগণের প্রত্যাশার আলোকে বাজেট পুনর্বিবেচনা করবে বলে তিনি আশা করেন। তিনি বলেন, “জনগণের সরকার হিসেবে সব শ্রেণি-পেশার মানুষের মতামত ও চাহিদাকে গুরুত্ব দেওয়া উচিত।”

বক্তব্যে তিনি বিএনপিরও সমালোচনা করেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশার বিপরীতে কাজ করলে রাজনৈতিক দলগুলোকে তার মূল্য দিতে হয়। জনগণের রায় ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত জনমতের প্রতি সম্মান প্রদর্শন করা।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জনগণ যে রায় দিয়েছে তা মেনে নেওয়া গণতান্ত্রিক চর্চার অংশ। জনমতের বিরোধিতা করলে রাজনৈতিকভাবে নেতিবাচক পরিণতি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া জেলা পরিষদের প্রশাসক নিয়োগ প্রসঙ্গে বিএনপির সমালোচনা করে আব্দুল হালিম বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় নির্বাচিত প্রতিনিধিদের গুরুত্ব দেওয়ার যে সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছিল, বাস্তবে তার সঙ্গে সাংঘর্ষিক কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

জিয়ানগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী হোসেন-এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আমির তাফাজ্জল হোসাইন ফরিদ ও সেক্রেটারী জহিরুল হক। এ সময় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী নাসিম সাঈদীসহ দলের বিভিন্ন পর্যায়ের প্রায় ৪০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালের সমাজ/এসআর

Link copied!