রাজধানীর সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করে পথচারী ও যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। বুধবার (১৭ জুন) ধোলাইপাড় খালপাড় রোড, যাত্রাবাড়ী মোড় এবং শহীদ ফারুক সড়ক এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ধোলাইপাড় খালপাড় রোডে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে এসব স্থাপনার কারণে সড়কটি সংকুচিত হয়ে পড়েছিল এবং সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। উচ্ছেদের মাধ্যমে খালপাড় সংলগ্ন সড়কটি দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে।
অভিযানের দ্বিতীয় পর্যায়ে ধোলাইপাড় থেকে যাত্রাবাড়ী মোড় পর্যন্ত এবং যাত্রাবাড়ী মোড় থেকে শহীদ ফারুক সড়ক পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা এবং চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা সামগ্রী অপসারণ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার ফুটপাত ও সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়, যাতে পথচারী ও যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারে।
ডিএসসিসি জানিয়েছে, নগরবাসীর জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাবদ্ধ নগর পরিবেশ নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে সড়ক ও ফুটপাতের অবৈধ দখল, অননুমোদিত স্থাপনা এবং জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ দখলমুক্ত সড়ক ও ফুটপাতের ফলে এলাকার যানজট কমবে এবং পথচারীদের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে।
কালের সমাজ/এবি

