ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

আন্তঃসীমান্ত পানিচুক্তি পর্যালোচনা চলছে সংসদে পানিসম্পদমন্ত্রী

বিশেষ প্রতিনিধি | জুন ২১, ২০২৬, ০৬:৫৪ পিএম আন্তঃসীমান্ত পানিচুক্তি পর্যালোচনা চলছে সংসদে পানিসম্পদমন্ত্রী
সংগৃহীত ছবি

আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে বিদ্যমান পানি বণ্টন চুক্তি ও সমঝোতাগুলো পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

মন্ত্রী বলেন, আন্তঃসীমান্ত নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায়ে বর্তমান সরকার বদ্ধপরিকর এবং বিষয়টি নির্বাচনী ইশতেহারেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ লক্ষ্যে বিদ্যমান পানি বণ্টন চুক্তি ও সমঝোতাগুলো পর্যালোচনা করে নতুন চুক্তি সম্পাদন, যৌথ নদী কমিশনকে শক্তিশালী করা এবং ভারত, নেপাল, ভুটান ও চীনের সঙ্গে সমন্বিত অববাহিকা ব্যবস্থাপনা গড়ে তুলতে কাজ করছে সরকার।

মন্ত্রী বলেন, উজানের দেশগুলোতে আন্তঃসীমান্ত নদীর ওপর অবকাঠামো নির্মাণের ফলে শুকনো মৌসুমে বাংলাদেশের পানিপ্রবাহ কমে যাওয়ার বিষয়টি অসত্য নয়। এ ছাড়া প্রাকৃতিক ও জলবায়ু পরিবর্তনজনিত কারণেও উজানে পানির প্রাপ্যতা কমছে। একই সদস্যের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় চলমান প্রকল্পের মাধ্যমে জুনের মধ্যে ৩৬৬ কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে। নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে ৯ হাজার ৪৬ কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ২০২৪-২৫ অর্থবছরের উৎপাদন ও জনসংখ্যার তথ্য অনুযায়ী দেশে খাদ্য হিসেবে মাছের বার্ষিক চাহিদা ৩৮ দশমিক ৯ লাখ টন। উৎপাদন হয়েছে ৫১ দশমিক ১১ লাখ টন। চাহিদা অনুযায়ী দেশে মাছের কোনো ঘাটতি নেই। মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। মন্ত্রী জানান, ঘাটতি না থাকলেও বিভিন্ন প্রজাতির মাছ আমদানি করা হয়। ২০২৩-২৪ অর্থবছরে ৪৮১ কোটি টাকায় ৬৬ হাজার ৬৪৯ টন এবং ২০২৪-২৫ অর্থবছরে ৪৭৫ কোটি টাকায় ৫৫ হাজার ৫৪ মেট্রিক টন মাছ আমদানি করা হয়েছে।
 

পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে দেশে নিবন্ধিত জেলের সংখ্যা ১৮ লাখ ৩ হাজার ৫৬৫ জন। প্রকৃত জেলেদের নিবন্ধন কার্যক্রম এখনও চলমান রয়েছে। ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারি পর্যায়ে দেশে ১০৪টি মৎস্য খামার ও ৭১টি প্রাণিসম্পদ খামার রয়েছে। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে দেশের নদ-নদী ও অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে এ পর্যন্ত ৮২৫টি অভয়াশ্রম স্থাপন করা হয়েছে।

কালের সমাজ/এএইচবি 

Link copied!