ঢাকা মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন

চাকরি ডেস্ক | ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৭:৪৬ পিএম ৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন

৪৪ তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ জন কর্মকর্তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চূড়ান্ত সুপারিশের প্রায় সাত মাস পর এই নিয়োগ আদেশ কার্যকর করা হলো।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিয়োগ আদেশ জারি করা হয়, যা শুক্রবার প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসন ক্যাডারে সর্বাধিক ২৪৪ জন, পুলিশ ক্যাডারে ৪৮ জন, পররাষ্ট্র ক্যাডারে ৯ জন এবং নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ২৯ জনসহ বিভিন্ন সাধারণ ও পেশাগত ক্যাডারে নির্বাচিতদের নিয়োগ দেওয়া হয়েছে।


নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে নিজ নিজ ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে। ক্যাডার কর্তৃপক্ষের পক্ষ থেকে ভিন্ন কোনো নির্দেশনা না থাকলে নির্ধারিত তারিখেই সংশ্লিষ্ট দপ্তরে যোগ দিতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদানে অনিচ্ছুক হিসেবে বিবেচিত হবেন এবং তার নিয়োগ বাতিল বলে গণ্য হবে।


এ ছাড়া নিয়োগের পর কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা অসঙ্গত তথ্য পাওয়া গেলে প্রয়োজনে এই নিয়োগ আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে।

উল্লেখ্য, গত বছরের ৩০ জুন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে। সে সময় বিভিন্ন ক্যাডারের ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি।


 

 

 

Link copied!