ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

বউ-বাচ্চাসহ গুলির হুমকি দেয়া সেই যুবদল নেতা বহিস্কার

জেলা প্রতিনিধি,রংপুর | মার্চ ২, ২০২৬, ১২:৫৩ পিএম বউ-বাচ্চাসহ গুলির হুমকি দেয়া সেই যুবদল নেতা বহিস্কার

রংপুর কারাগারে থাকা এক যুবলীগ নেতার ম্যানেজারের বাড়িতে ঢুকে বউ-বাচ্চাসহ গুলি করার হুমকির অভিযোগ উঠেছে রংপুর জেলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে। এমন অভিযোগে ওই দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২ মার্চ) রাতে সংগঠন তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।

বহিষ্কৃতরা হলেন- জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু ও সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব।

অভিযোগ সূত্রে জানা গেছে, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও কাউন্সিলার হারুন অর রশিদের ক্যাবল ব্যবসা দখলের চেষ্টা করেন আকিবুল রহমান মনু ও তামজিদুর রশিদ গালিব। ব্যবসা হস্তান্তর না করায় তারা গত ২২ ফেব্রুয়ারি ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন করেন।

পরে রোববার বিকেলে আকিবুল রহমান মনু তার অনুসারীদের নিয়ে ক্যাবল ওয়ান অফিসে ঢুকে শারীরিক হামলা চালান, ল্যাপটপ ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করেন এবং নতুন ফিডার নিয়োগ দিতে চাপ প্রয়োগ করেন।

অফিসে থাকা ভিডিওতে মনু মায়া সাইবার ওয়ার্ল্ডের জিএম কাফিকে ফোন করে বলেন, আজকে বিকেলের মধ্যে যদি সমাধান না করিস, তাহলে বেডরুমে গিয়ে বউ-বাচ্চাসহ তোকে গুলি করে আসব।

এ বিষয়ে জানতে চাইলে তামজিদুর রশিদ গালিব বলেন, ২০১৫ সালে আমাকে জেলে পাঠিয়ে আমার ব্যবসা দখল করা হয়েছে।

ব্যবসার কোনো নথি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ ব্যবসার কোনো ডকুমেন্টস হয় না। আমি আমার হক আদায় করে নিচ্ছি।

এই ঘটনার প্রতিবাদে রংপুর জেলার ক্যাবল ওয়ানের সব সিগন্যাল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়।

মহানগর কোতোয়ালি থানার ওসি মো. শাহজাহান আলি জানিয়েছেন, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কালের সমাজ/এসআর

Link copied!