পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৩২ হাজার ৮৩২ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। একই সময়ে সৌদি আরবে অবস্থানকালে ৪৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) পর্যন্ত প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিনে এ তথ্য জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ২৯ হাজার ৫০৪ জন।
বিমান সংস্থাভিত্তিক পরিসংখ্যান বলছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে ১১ হাজার ৫৭৯ জন, সৌদি এয়ারলাইনসের মাধ্যমে ১২ হাজার ৫৫৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে ৭ হাজার ৭০০ জন হাজি দেশে ফিরেছেন। এছাড়া অন্যান্য এয়ারলাইনস ব্যবহার করে আরও ৯৯৪ জন হজযাত্রী বাংলাদেশে পৌঁছেছেন।
চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জনের বেশি হজযাত্রীর জন্য কোটা নির্ধারণ করা হয়। হজযাত্রীদের সৌদি আরবে বহনকারী প্রথম ফ্লাইট পরিচালিত হয় ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট যায় ২১ মে।
হাজিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাংলাদেশ হজ মিশনের কার্যক্রমও অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত মিশনের চিকিৎসাকেন্দ্র থেকে ৫৭ হাজার ২০২টি প্রেসক্রিপশন প্রদান করা হয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৬ হাজার ৩৫ জনকে বিভিন্ন ডিজিটাল সেবা দেওয়া হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শারীরিক অসুস্থতার কারণে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত ৩৬০ জন বাংলাদেশি হাজি চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ২৩ জন হজযাত্রী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
মন্ত্রণালয় জানিয়েছে, হাজিদের নিরাপদ ও সুষ্ঠুভাবে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ হজ মিশন, সংশ্লিষ্ট বিমান সংস্থা এবং অন্যান্য কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৩০ জুন শেষ ফিরতি ফ্লাইটের মাধ্যমে হজযাত্রীদের দেশে ফেরার কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।
কালের সমাজ/ওজি

