ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক | জুন ৮, ২০২৬, ০৩:১৫ পিএম ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজের রোডম্যাপ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার (৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ রোডম্যাপ প্রকাশ করা হয়। এতে হজ কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এছাড়া আগামী ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজচুক্তি সই হবে।

এর আগে গত ২৯ মে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় জেদ্দায় এক অনুষ্ঠানের মাধ্যমে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে। অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন। এ সময় সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে হজের রোডম্যাপ হস্তান্তর করেন।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু হবে। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

রোডম্যাপে আরও বলা হয়েছে, সৌদি আরবের বিভিন্ন সেবার খরচ নুসুক মাসার প্ল্যাটফর্মের ই-ওয়ালেটে স্থানান্তরের কার্যক্রম চলবে ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। নুসুক মাসারের মাধ্যমে তাঁবু, হোটেল, ক্যাটারিং, পরিবহনসহ বিভিন্ন সেবা প্যাকেজের চুক্তি স্বাক্ষর শুরু হবে ২৯ জুলাই ২০২৬ থেকে এবং শেষ হবে ২৩ জানুয়ারি ২০২৭।

এ ছাড়া হজযাত্রীদের তথ্য নুসুক মাসার সিস্টেমে আপলোড করতে হবে ১৪ আগস্ট ২০২৬ থেকে ২৮ জানুয়ারি ২০২৭-এর মধ্যে। হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোর সঙ্গে চুক্তি স্বাক্ষর এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশন সম্পন্ন করতে হবে চলতি বছরের ২৯ জুলাই থেকে ৮ নভেম্বরের মধ্যে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নির্ধারিত সময়সীমার মধ্যে সব কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে।

কালের সমাজ/এসআর

Link copied!