ঢাকা বুধবার, ০৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
ঢাকা-বেইজিং পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

তিস্তাসহ একাধিক ইস্যুতে একমতের প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক | মে ৬, ২০২৬, ১২:২৪ পিএম তিস্তাসহ একাধিক ইস্যুতে একমতের প্রত্যাশা

তিন দিনের সফরে মঙ্গলবার (৫ মে) বেইজিংয়ে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সময় বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসাল জেনারেল ওয়েই হুয়াশিয়াং।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলে অন্যদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং চীনা প্রতিপক্ষ, সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর মধ্যে বুধবার (৬ মে) বেইজিংয়ের দিয়াওউতাই স্টেট গেস্ট হাউসে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

ড. রহমান তার এ সফরকালে সিপিপিসিসির চেয়ারম্যান এবং অন্যান্য ঊর্ধ্বতন চীনা নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার ঢাকা ছাড়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা সমস্যা নিয়ে ভারতের জন্য ‘বসে থাকা চলবে না’। তিনি আরও উল্লেখ করেন, ‘এটা আমাদের সেই অঞ্চলের মানুষের মরণ-বাঁচনের বিষয়। তারা ডাক দিয়েছে ‘জাগো বাহে’।’

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর অঙ্গীকার রয়েছে।

কালের সমাজ/এসআর

Link copied!