দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ২০০৫ সালে কার্ডিফে ঐতিহাসিক জয়ের পর এবার আবারও বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে নতুন ইতিহাস গড়েছে টাইগাররা।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ৮৬ রানের বড় ব্যবধানে জয় পায় মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ।
ব্যাট হাতে প্রথমে লড়াকু সংগ্রহ গড়ে তোলে স্বাগতিকরা। এরপর বোলারদের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক পারফরম্যান্সে শুরু থেকেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচে আর ফিরতে পারেনি সফরকারীরা।
বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৪২.২ ওভারে ৯ উইকেটে ১৯১ রান। তখন তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল আরও ৯৪ রান, আর বাংলাদেশের দরকার ছিল মাত্র একটি উইকেট। শেষ পর্যন্ত ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশকে ৮৬ রানের জয়ী ঘোষণা করা হয়।
এই জয়ের মধ্য দিয়ে দুই দশকেরও বেশি সময় পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে জয়ের স্বাদ পেল বাংলাদেশ। একই সঙ্গে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।
কালের সমাজ /কে.পি

