ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

ঢাকায় ব্রাজিল ফুটবলের প্রতিনিধিদল

ক্রীড়া প্রতিবেদক | আগস্ট ২৩, ২০২৬, ০৮:২৬ পিএম ঢাকায় ব্রাজিল ফুটবলের প্রতিনিধিদল

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি প্রতিনিধিদল রোববার (২৩ আগস্ট) ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। পরিদর্শনের সময় প্রতিনিধিদলের সদস্যরা স্টেডিয়ামের মাঠ, ড্রেনেজব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেন। ভেন্যুটির অবকাঠামো ও সুযোগ-সুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ করেন তারা।

ভবিষ্যতে বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ আয়োজনের ক্ষেত্রে ঢাকার জাতীয় স্টেডিয়াম ব্যবহার করা যায় কি না, তা যাচাই করতেই প্রতিনিধিদলটির এই সফর বলে জানা গেছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, ব্রাজিলের প্রতিনিধিদল স্টেডিয়ামের পরিবেশ দেখে সন্তুষ্ট হয়েছে।

ইকবাল বলেন, ‘তারা (প্রতিনিধিদল) বলেছে যে অন্য কোনো দেশের সঙ্গে আমাদের মাঠ নিরপেক্ষ ভেন্যু হিসেবে নিতে পারে অথবা বাংলাদেশের বিপক্ষেও খেলতে পারে। তারা তাদের প্রতিক্রিয়া পরে জানাবে।

তারা আজ মাঠটা এবং স্টেডিয়ামের পরিবেশ দেখার জন্য এসেছে।’

আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ব্রাজিলের। সেই ম্যাচের আগে ভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়ারা ঢাকায় অনুশীলন করতে পারেন কি না, এমন প্রশ্নের জবাবে ইকবাল জানান, এ ধরনের কোনো আলোচনা হয়নি।

ব্রাজিলের প্রতিনিধিরা আজ ভারত থেকে ঢাকায় এসেছেন, রাতেই চলে যাবেন।

ইকবাল জানান, মাঠের বাকি কাজ দুই সপ্তাহের মধ্যে শেষ হওয়ার কথা তাদের জানানো হয়েছে। প্রয়োজন হলে কাজ শেষ হওয়ার পর ব্রাজিলের প্রতিনিধিরা আবারও স্টেডিয়াম পরিদর্শনে আসতে পারেন।

২০১১ সালে ঢাকায় খেলে গেছে লিওনেল মেসির আর্জেন্টিনা দল। ব্রাজিলের প্রতিনিধিদের সফরের মধ্য ভবিষ্যতে তাদের দলেরও এই মাঠে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে।

কালের সমাজ/কে.পি

Link copied!