কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের কাছে ৬১ রানের শোচনীয় পরাজয়ের পর পাকিস্তান ক্রিকেট দলের তুমুল সমালোচনা চলছে।
কেবল দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনেও বইছে সমালোচনার ঝড়। সাবেক ক্রিকেটার এবং বিশ্লেষকদের মতে, বাবর আজম, শাহিন আফ্রিদি এবং শাদাব খানদের মতো তারকাদের `অতীতের গৌরব` নিয়ে দলে টিকে থাকার দিন শেষ হয়ে এসেছে।
পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ ইউসুফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) সরাসরি লিখেছেন, ‘শাহিন, বাবর এবং শাদাবদের সময় শেষ।
পাকিস্তান টি-টোয়েন্টি দলের এখন নতুন পারফর্মার দরকার। দুর্বল দলগুলোর বিপক্ষে গুরুত্বহীন জয় দিয়ে জাতিকে আর ভোলানো যাবে না।’
পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা পাকিস্তানের ব্যাটিং বিপর্যয় নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, ‘এটা স্রেফ বিপর্যয়! গত ২-৩ বছর ধরে ভারত একই বোলিং আক্রমণ নিয়ে খেলছে, অথচ আমাদের ব্যাটাররা প্রতিবারই তাদের সামনে সাধারণ মানের হয়ে ধরা দিচ্ছে। খেলোয়াড়দের কোনো উন্নতি নেই।
সাবেক ওপেনার আহমেদ শেহজাদ বর্তমান দলটিকে ‘পুরানো মুখ, পুরনো ফলাফল’ বলে অভিহিত করেছেন। তার মতে, ফখর জামান, হাসিবুল্লাহ নাফে এবং সালমানদের মতো ক্রিকেটারদের এখনই নিয়মিত সুযোগ দেওয়া উচিত।
অন্যদিকে টেস্ট ক্রিকেটার আবিদ আলী কঠোর ভাষায় বলেন, ‘নাম দিয়ে দল নির্বাচন বন্ধ হোক। দলে ইমপ্যাক্ট প্লেয়ার চাই, কোনো যাত্রী নয়।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন মনে করেন, ভারত মানসিকভাবে পাকিস্তানকে কোণঠাসা করে ফেলেছে। তিনি বলেন, ‘মাঠে ভারত এখন পাকিস্তানকে ভয় দেখায়। খেলার সব বিভাগেই তারা অনেক এগিয়ে এবং বড় ম্যাচের চাপ সামলানোর মানসিকতা তাদের অনেক উন্নত।’
রোববার ইশান কিশানের ৭৭ রানের ইনিংসে ভর করে ভারত ১৭৫ রান সংগ্রহ করে। জবাবে ভারতীয় বোলারদের তোপে পড়ে ১৮ ওভারে মাত্র ১১৪ রানেই অল-আউট হয়ে যায় পাকিস্তান।
এই জয়ের মাধ্যমে টানা তিন জয় নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে ভারত, আর পাকিস্তান পড়েছে চরম অস্তিত্ব সংকটে।
কালের সমাজ/এসআর


আপনার মতামত লিখুন :