ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা

কালের সমাজ ডেস্ক | মার্চ ১২, ২০২৬, ০৩:৪৩ পিএম রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা

ঐতিহ্যবাহী রাজশাহী সিল্কের পোশাকের কদর দেশজুড়ে দীর্ঘদিনের। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নগরীর সিল্ক শোরুমগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। আকর্ষণীয় নকশা ও বৈচিত্র্যময় ডিজাইনের শাড়ি, থ্রিপিস ও পাঞ্জাবি কিনতে প্রতিদিনই ভিড় করছেন ক্রেতারা। ফলে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা।ব্যবসায়ীরা জানান, ঈদ সামনে রেখে ক্রেতাদের চাহিদা কয়েকগুণ বেড়ে গেছে। সকাল থেকে রাত পর্যন্ত শোরুমগুলোতে ভিড় লেগেই থাকছে। পোশাকে নতুন ডিজাইন ও রঙের বৈচিত্র্য থাকায় তা ক্রেতাদের বেশ আকৃষ্ট করছে। তবে দাম নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে।

বরাবরের মতো এবারও নারীদের প্রথম পছন্দ আকর্ষণীয় নকশার রেশমি শাড়ি। পাশাপাশি আভিজাত্য ও আরামদায়ক ব্যবহারের কারণে রাজশাহী সিল্কের থ্রিপিসের চাহিদাও রয়েছে বেশ। পিছিয়ে নেই পুরুষরাও। ঈদের পোশাক হিসেবে অনেকেই বেছে নিচ্ছেন সিল্কের পাঞ্জাবি।ঈদের এই বাড়তি চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছেন রাজশাহীর সিল্কপল্লির কারিগররা। তাদের নিপুণ হাতে তৈরি শাড়ি, থ্রিপিস, পাঞ্জাবিসহ বিভিন্ন ধরনের পোশাক এখন শোরুমগুলোতে শোভা পাচ্ছে। অনেক ক্রেতাই ঈদে নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের জন্যও রেশমি পোশাক কিনছেন।

নগরীর বারো রাস্তার মোড় এলাকার শফিক নামের এক ক্রেতা বলেন, সপুরা সিল্কে গিয়েছিলাম স্ত্রীর জন্য একটি শাড়ি আর নিজের জন্য একটি পাঞ্জাবি কিনতে। কিন্তু দাম শুনে একটু বেশি মনে হয়েছে, তাই আপাতত না কিনেই চলে এসেছি।”তবে একই শোরুমে কেনাকাটা করতে আসা হাবিবুর রহমান নামের আরেক ক্রেতা বলেন, “রাজশাহী সিল্কের আলাদা একটা ঐতিহ্য আছে। সেই তুলনায় দাম খুব বেশি মনে হয়নি। ঈদের জন্য একটা ভালো মানের পাঞ্জাবি কিনেছি।

সপুরা সিল্কের ম্যানেজার সাইদুর রহমান জানান, কাঁচামাল ও সুতার দাম বেড়ে যাওয়ায় রেশমি পোশাকের দাম কিছুটা বেড়েছে। সিল্কের সুতা মূলত চীন থেকে আমদানি করতে হয়। আমদানি ব্যয় বাড়ার কারণে পোশাকের দামও কিছুটা বেড়াতে বাধ্য হয়েছেন তারা। তবে ঈদ উপলক্ষে অনেক শোরুমে ক্রেতাদের জন্য বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।শোরুমগুলোতে বর্তমানে রাজশাহী সিল্কের শাড়ি ৩ হাজার থেকে ৫৫ হাজার টাকা, পাঞ্জাবি ৫ হাজার থেকে ২৫ হাজার টাকা এবং থ্রিপিস ৬ হাজার থেকে সর্বোচ্চ ৩২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, রাজশাহী নগরীতে বর্তমানে প্রায় ১০টির মতো বড় সিল্ক শোরুম রয়েছে। ঈদকে কেন্দ্র করে এসব শোরুমে প্রতিদিনই কয়েক কোটি টাকার রেশমি পোশাক বেচাকেনা হচ্ছে। ফলে ক্রেতা-বিক্রেতা উভয়ের মধ্যেই দেখা দিয়েছে উৎসবের আমেজ।

Link copied!