ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে আগুন: দগ্ধ ৪

শ্রীপুর উপজেলা প্রতিনিধি, গাজীপুর | মার্চ ১২, ২০২৬, ০৩:৫৬ পিএম শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে আগুন: দগ্ধ ৪

‎গাজীপুরের শ্রীপুর পৌর শহরের ব্যস্ততম মাওনা চৌরাস্তায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারজন অগ্নিদগ্ধ হয়েছেন এবং শপিং মলে থাকা শত শত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে হুড়োহুড়িতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বুধবার (১১ মার্চ) রাত সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

‎স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে মাওনা চৌরাস্তা এলাকায় ‍‍`আঃ সাহিদ সুপার ভিউ‍‍` ভবনের সামনের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সাথে সাথেই আগুনের ফুলকি পাশের সাততলা ভবনে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন ভবনটির কয়েকটি কক্ষে এবং পাশের সাহিদ সুপার মার্কেটে ছড়িয়ে পড়ে। এসময় আগুনের শিখা ও ধোঁয়া দেখে আশপাশের শপিং মলে থাকা ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে শত শত মানুষ একসাথে ছোটাছুটি শুরু করলে পড়ে গিয়ে অন্তত ১০-১২ জন আহত হন।

‎অগ্নিকাণ্ডে দগ্ধ চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও ইয়াসিন (৩৭)। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় আলহেরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
‎হাসপাতালের পরিচালক ডা. আবুল হোসেন জানান, অগ্নিদগ্ধ তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

‎খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার নিরলস চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকাণ্ডের ফলে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

‎শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূরুল করিম জানান, ট্রান্সফরমার বিস্ফোরণের ফলে আগুনের ফুলকি ছিটকে নিচে থাকা কয়েকজন দগ্ধ ও আহত হন। আগুন তিনতলা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, যাতে কয়েকটি দোকান ও গুদামের মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
‎বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ঈদকে সামনে রেখে এমন জনাকীর্ণ এলাকায় ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
 

Link copied!