২০২৫ সালের ১৬ মে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। তবে কমিটি ঘোষণার পর পদবঞ্চিতদের বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ, এমনকি অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এর প্রেক্ষিতে একই বছরের ৪ জুন কেন্দ্রীয় ছাত্রদল কমিটি স্থগিত করে।
পরবর্তীতে প্রায় এক বছর পর, গতকাল (২ মে ২০২৬) কেন্দ্রীয় ছাত্রদল কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের ৬ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেয়। এতে সভাপতি হিসেবে কাজী জোবায়ের আলম জিলানী, সিনিয়র সহ-সভাপতি মো. সোলায়মান মুন্সী, সহ-সভাপতি এমদাদুল হক ধীমান, সাধারণ সম্পাদক আজিজুল হোসেন শরীফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক উজ্জ্বল রাসেল এবং সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রকি দায়িত্ব পান।
একই সঙ্গে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে। নতুন এ কমিটি ঘিরে নেতাকর্মীদের মধ্যে আবারও আশাবাদ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে কাজী জোবায়ের আলম জিলানী-কে পুনরায় মনোনীত করায় সন্তোষ প্রকাশ করে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা ছাত্রদল নেতা সিফাতুল আলম মিদুল।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বকে মূল্যায়ন করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রশংসার দাবিদার। এই সিদ্ধান্ত সংগঠনের তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।”
তিনি আরও বলেন, কাজী জোবায়ের আলম জিলানী-এর নেতৃত্বে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে এবং সংগঠনের কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে।
সংশ্লিষ্টদের মতে, পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার সংগঠন আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
কালের সমাজ/এসআর

