ঢাকা সোমবার, ০৪ মে, ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

তবুও অপেক্ষা করতে বললেন মমতা

কালের সমাজ ডেস্ক | মে ৪, ২০২৬, ০২:২৬ পিএম তবুও অপেক্ষা করতে বললেন মমতা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটগণনার যে প্রবণতা, তাতে বিজেপি ১৮০-র বেশি আসনে এগিয়ে। তৃণমূল এগিয়ে একশোর কম আসনে। এই প্রেক্ষিতে দলের প্রার্থী এবং নেতা-কর্মীদের বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, প্রার্থী কিংবা তাঁর কাউন্টিং এজেন্ট, কেউ যেন ভেঙে না পড়েন। প্রথম দিকে বিজেপি যে এগিয়ে থাকবে, সে কথা তিনি আগেই বলেছেন। তাই সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে বললেন দলের সকলকে। মমতার দাবি, জয় তৃণমূলেরই হবে। খবর আনন্দবাজারের।

সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ সমাজমাধ্যমে ভিডিয়োবার্তা দিয়ে মমতা বলেন, ‘‘দয়া করে কোনও (তৃণমূল) প্রার্থী এবং কাউন্টিং এজেন্ট গণনাকেন্দ্র ছেড়ে আসবেন না। এটা বিজেপির প্ল্যান (পরিকল্পনা)।’’

তিনি বলেন, ‘‘আমি গতকাল থেকে বলছি, ওদেরগুলো (এগিয়ে থাকা আসন) আগে দেখাবে। আমাদেরগুলো পরে দেখাবে। অনেক জায়গায় কাউন্টিংয়ের বন্ধ করে রেখে দিয়েছে। কল্যাণীতে এমন সাতটি মেশিন ধরা পড়েছে, যেখানে কোনও মিলই নেই।’’

মমতা আরও বলেন, ‘‘কেন্দ্র জোর করে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূলের উপর অত্যাচার করছে। অফিস ভাঙছে। জোর করে দখল করছে। এসআইআরের নামে ভোট লুট করেছে।’’

মমতার দাবি, এখনও তৃণমূল ১০০-র বেশি আসনে এগিয়ে রয়েছে। সেগুলো বলছে না কমিশন। তিনি বলেন, ‘‘ইলেকশন কমিশন নিজের ইচ্ছামতো খেলছে। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। আমাদের পুলিশরা মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর হয়ে কাজ করছে।’’

দলের নেতা-কর্মীদের উজ্জীবিত করার বার্তা দিয়েছেন মমতা। তাঁর কথায়, ‘‘মনখারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম, সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন-চার রাউন্ড সবে কাউন্ট হল। ১৮-১৯ রাউন্ড কাউন্ট হয়। তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড ওয়াচ। আপনারা সকলে জিতবেন। আমরা আপনাদের সঙ্গে রয়েছি।’’

পরিশেষে মমতার বার্তা, ‘‘নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।’’

সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১৯০টি আসনে এগিয়ে রয়েছে।

অন্যদিকে তৃণমূল কংগ্রেস ১০৩টি আসনে এগিয়ে থেকে কাছাকাছি অবস্থান ধরে রেখেছে।

নন্দীগ্রাম ও ভবানীপুর- দুই গুরুত্বপূর্ণ আসনেই শুরুতে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এগিয়ে রয়েছেন বলে জানা যায়।

দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে ভবানীপুরে পিছিয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নন্দীগ্রামেও তৃণমূল প্রার্থী পবিত্র কর পিছিয়ে ছিলেন।

তবে চার দফা গণনা শেষে ভবানীপুরে প্রায় ৯০০ ভোটে এগিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ১০ রাউন্ড গণনা শেষে ভবানীপুরেও বিজেপি জয়ী হবে এবং নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনেই তার দল জয় পাবে।

তৃণমূলের পিছিয়ে পড়ার কারণ হিসেবে তিনি বলেন, একচেটিয়া সংখ্যালঘু ভোট এবার তৃণমূলের দিকে যায়নি; মালদহ, মুর্শিদাবাদসহ বিভিন্ন জেলায় সেই ভোট ভাগ হয়ে গেছে ভারতীয় জাতীয় কংগ্রেস, বাম দল এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট-এর মধ্যে।

এর আগে পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট গ্রহণের পর সোমবার স্থানীয় সময় সকাল আটটা থেকে বিভিন্ন কেন্দ্রের ভোট গণনা শুরু হয়েছে।

কালের সমাজ/এসআর

Link copied!